চুয়াডাঙ্গার আলোকদিয়া এলাকায় অনুমোদনহীনভাবে জৈব সার উৎপাদনের অভিযোগে মা এগ্রো জৈব সার কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অনুমোদন ও লাইসেন্স ছাড়াই একটি কারখানায় অবৈধভাবে জৈব সার উৎপাদন করা হচ্ছে। ওই সার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নাম ও নিজস্ব প্রতিষ্ঠানের নামে রঙিন ব্যাগে ভরে অসৎ উপায়ে বাজারজাত করা হচ্ছিল।খবর পেয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পায়। পরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ব্যতীত জৈব সার উৎপাদন ও বিক্রির দায়ে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।তবে এলাকাবাসীর অভিযোগ, মোবাইল কোর্ট চলে যাওয়ার পর ঘটনাস্থলে থাকা জৈব সারগুলো জব্দ করা হয়নি। পরে ওই সারগুলো বিভিন্ন মোড়কে প্যাকেট করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে তারা জানান। এতে করে অবৈধ সার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে বাজারে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ কৃষকরা ভেজাল সার কিনে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।এ বিষয়ে দ্রুত জব্দকরণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।









