কালিহাতীতে তেলের দোকানে ভয়াবহ আগুন, ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজীপাড়া বাজারে খোলা তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গফুর আলী (৬০) নামের এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দোকানের সামনে রাখা পেট্রোলের বোতলগুলোতে আগুন ধরে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গফুর আলী বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দগ্ধ মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১০–১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানা গেছে। ঘটনার পর কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ খবর