বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকে তিন বাংলাদেশি ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা শূন্যরেখা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ৯ ডিসেম্বর বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়। তিন বাংলাদেশি হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরন্য কুমার ভৌমিক। এসময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, কিছুদিন আগে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক একবছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ ফেরত নেওয়ার জন্য অনুরোধ করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্থ করেন। পরে বিএসএফের হাতে আটকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা মোতাবেক তাদের পরিবারের সাথে পুলিশ বিজিবির যোগাযোগ করে এবং বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের জিডিমূলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে সোমবার সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আত্নীয়দের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031