আলমডাঙ্গায় বিএনপির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত — ঐক্যের আহ্বান জানালেন শহিদুল কাউনাইন টিলু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোস গ্রামে বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শামসুজ্জামান দুদুর আলমডাঙ্গা পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা সভা সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিশিষ্ট সংগঠক ও উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল কাউনাইন টিলু। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকারের দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে নামতে হবে।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক দল। তাই যারা গণতন্ত্রের পক্ষে, তাদের সবাইকে শামসুজ্জামান দুদুর পাশে থাকতে হবে এবং ধানের শীষের পতাকা উঁচু রাখতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসিরুল ইসলাম সেলিম ও বোরহান উদ্দিন। বক্তারা বলেন, বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের মুক্তির প্রতীক। চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান দুদুর প্রার্থিতা স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত নেতাকর্মীরা “ধানের শীষের বিজয় চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতারা জানান, সামনে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে এমন সভা ও মতবিনিময় চলবে।

সর্বশেষ খবর