
তৌহিদ,মাগুরা প্রতিনিধি:
পিআর পদ্ধতি অন্তর্ভুক্তিসহ ৫ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ। তারা অভিযোগ করেন, সরকার সেই পথেই এগোচ্ছে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, “নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।” সরকারকে আহ্বান জানিয়ে তারা বলেন, “গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে রাজনৈতিক সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতিরই মঙ্গল হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু বলেন, “তৃতীয় দফায় মাগুরায় আমরা পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি ও গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করছি।” তিনি জানান, তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১. গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,
২. নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করা,
৩. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
তিনি আরও বলেন, “সরকার যদি আমাদের দাবিগুলো উপেক্ষা করে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।” মানববন্ধনে জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক এম.বি. বাকের, আব্দুল মতিন, নায়েবে আমির মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিন উদ্দিন আশিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









