কালিহাতীতে ক্রিকেট খেলার ঝগড়ায় কিশোরের রহস্যজনক মৃ’ত্যু

শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহীন (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাহীন বীরবাসিন্দা গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে। তিনি মায়ের সঙ্গে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করতেন। পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পরিত্যক্ত একটি অটো রাইস মিলে ক্রিকেট খেলতে ডেকে নেয় স্থানীয় যুবক আজিজ। খেলার সময় শাহীন ও একই গ্রামের দেলোয়ারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে শাহীন গুরুতর আহত হন। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে মারধর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। দেলোয়ারের দাদা করিম বলেন, আমি শুনেছি খেলা নিয়ে ঝগড়া হয়েছে। নাতিকে বকেছি এবং শাহীনের বাড়িতে গিয়ে বিষয়টি মিটিয়ে এসেছি। পরে শুনি শাহীন বিষ খেয়েছে, তার বেশি কিছু জানি না। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহীনকে হাসপাতালে আনা হয়। তিনি ইঁদুরের বিষসহ একটি গ্যাস্ট্রিক ও একটি অ্যান্টিবায়োটিক খেয়ে ছিলেন। ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসক আরও জানান, শাহীনের গলায় কিছু আঁচড়ের দাগও ছিল। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031