
সুব্রত চন্দ্র দাস : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া স্বর্গীয় হীরা লাল সাহার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে । শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজক বিদ্যুৎ চন্দ্র সাহা, বিজয় কৃষ্ণ সাহা, অজয় কুমার সাহা ও অনিমেষ সাহা বলেন ষষ্ঠীর প্রভাত থেকেই শারদীয় দুর্গোৎসবের আবাহনে উৎসবের ঢেউ নেমেছে দক্ষিণ চত্বরের পথে-ঘাটে, মন্দিরে-মণ্ডপে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর পূজার গানে মুখরিত চারপাশ। প্রতিমার রঙ-তুলির শিল্পশোভা চোখ ধাঁধিয়ে দিচ্ছে দর্শনার্থীদের প্রতিমার কারুকাজ, আলোকসজ্জা আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করছে সবাইকে। ভক্তদের বিশ্বাস, মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হবে, প্রতিষ্ঠা হবে শান্তি ও সমৃদ্ধি।ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো দেবী আরাধনার মহোৎসব। আগামী কয়েকদিন ধরে সপরিবারে, সমাজ-সম্প্রদায় নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করবেন প্রতিমা দর্শনে। রঙ, আলো আর আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে দক্ষিণ চত্বর এর প্রতিটি রাত। এই শারদীয় দুর্গোৎসব তাই শুধু ধর্মীয় আচার নয়; হয়ে উঠেছে মানুষে মানুষে মিলনের মহামঞ্চ, যেখানে ভেদাভেদ নয়, উৎসবই হয়ে উঠছে সবার পরিচয়।









