নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া ঘোষণা

নীলফামারী পৌরসভা মাঠকে নিরাপদ ও মানসম্মত ফাস্টফুড এরিয়া হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। একই সঙ্গে তিনি শহরের শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানগুলোতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সেমিনার-এ সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। জেলা প্রশাসক বলেন, “মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বাড়াতে নিরাপদ খাদ্য গ্রহণের বিকল্প নেই। শিক্ষার্থীরা যাতে ভেজাল ও নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ না হয়, সেজন্য স্কুল-কলেজ সংলগ্ন এলাকাগুলো বিশেষভাবে নজরদারিতে আনা হবে। সেমিনারে আরও জানানো হয়, পৌরসভা মাঠে বসা বিভিন্ন ফাস্টফুড দোকান ও আড্ডার স্থানে খাদ্যের মান নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তার অধিকার নিশ্চিতে নিয়মিত তদারকি চালানো হবে। এ উদ্যোগ সফল হলে জেলার অন্য পৌর এলাকাতেও ধাপে ধাপে এ ব্যবস্থা চালু করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031