জীবননগরে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হওয়া সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে একটি বিশাল র‌্যালি বের করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও টিম প্রধান আব্দুল লতিফ খান যুবরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও যুগ্ম টিম প্রধান মোঃ মুজিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন—জেলা যুব উলামা ফ্রন্টের টিম সদস্য মাওলানা আবু সাঈদ মুহাদ্দেসি, কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য মুফতি মোহাম্মদ কামাল হোসাইন মৃধা (আশেকী), জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ আক্কাচ আলী সুজন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ খান যুবরাজ বলেন, “জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হবে না। জাকের পার্টি সবসময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং এর নামে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই। দেশের উন্নয়ন ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় জাকের পার্টি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে।” তিনি আসন্ন নির্বাচনে গোলাপ ফুল মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জাকের পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানার-ফেস্টুনে সজ্জিত এ র‌্যালি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যেখানে আগামী নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031