ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ও ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় পরিচালিত এ অভিযানে মহাসড়কের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সড়কের পাশে অস্থায়ী দোকান ও স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ বেড়ে যাচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সওজ বিভাগ ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এসময় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন,
“ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে এখানে যানজট, দুর্ঘটনা ও ভোগান্তি তৈরি হচ্ছিল। আমরা সমস্যা সমাধানে বদ্ধপরিকর। আজকের অভিযান তারই অংশ। মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে এ কার্যক্রম নিয়মিত চলবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সওজ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাকখারুল ইসলাম এবং ভালুকা থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে মহাসড়কের যানজট অনেকাংশে কমবে। তবে তারা প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন, যাতে পুনরায় দখলদাররা স্থাপনা গড়ে তুলতে না পারে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031