রাজবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলার পানশা উপজেলার মাগুরাডাঙ্গি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্দিরে শুভ মহালয়ার এ আয়োজন করা হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুভ মহালয়া উপলক্ষে সকালে বিশেষ চণ্ডিপাঠ পরিবেশন করা হয়। ভোর থেকেই ভক্তরা মন্দিরে ভিড় জমাতে থাকেন। মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে আহ্বান জানান। মহালয়া মূলত শারদীয় দুর্গোৎসবের সূচনার দিন হিসেবে বিবেচিত হয়। এদিন থেকেই পূজার প্রস্তুতি শুরু হয়।
মন্দিরের সভাপতি সাধন কুমার দে বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এ উপলক্ষে শুভ মহালয়া পালন করা হয়েছে। মহালয়া আমাদের কাছে দেবী দুর্গার আগমনবার্তা। ভক্তরা অত্যন্ত আনন্দ ও উৎসাহ নিয়ে আজকের আয়োজনে যোগ দিয়েছেন।”
এ সময় এলাকার নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ শত শত ভক্ত বিশেষ প্রার্থনায় অংশ নেন। মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পরিবেশের পাশাপাশি উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ভক্তদের হাতে ধূপ, প্রদীপ ও পূজার উপকরণ দেখা যায়।
স্থানীয়রা জানান, প্রতিবছর মহালয়ার দিনটিকে ঘিরে মন্দিরে বিশেষ আয়োজন করা হয়। এদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ভক্তরা দেবী দুর্গার কাছে পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাগুরাডাঙ্গি সার্বজনীন মন্দিরে ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শিল্পীরা প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পূজা মণ্ডপ সাজসজ্জায় নতুনত্ব আনার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
ভক্তরা আশা প্রকাশ করেন, এ বছরের শারদীয় দুর্গোৎসব সুসম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বয়ে আনবে।