ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুর,৬০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী বাজারে অবস্থিত ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামের খানকা শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাতেই খানকার খাদেম উসমান গনি ফকির কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে খানকায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা দরজা-জানালা কুপিয়ে তছনছ করার পাশাপাশি একটি সাউন্ডবক্স নিয়ে যায়। হামলার সময় খানকার কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

মামলার বাদী উসমান গনি ফকির বলেন, “প্রায় ১৮ বছর ধরে এখানে আমাদের আস্তানা। এখানে মিলাদ ও ভক্তিমূলক গানবাজনার আসর হতো। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কখনোই হয়নি।”

স্থানীয় বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলিউল আজিমও বলেন, “খানকায় অসামাজিক কার্যকলাপের কোনো অভিযোগ কখনোই শোনা যায়নি। প্রতি শুক্রবার রাতে ভক্তিমূলক গানের আসর বসতো।”

ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, “সুফি ও বাউল দর্শন কখনোই সহিংসতা সমর্থন করে না।” একই সঙ্গে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি খলিলুর রহমান পীরবাবা চিশতী নিজামীও হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “খানকা শরিফে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031