
খুলনার পাইকগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, “পিআর পদ্ধতির কথা বলে যারা জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়।” তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পর দ্রুত নির্বাচনের ব্যবস্থা না হলে দেশের উন্নয়ন পিছিয়ে যাবে। দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে জয়ন্ত কুন্ডু বলেন, শালিস-বিচারের নামে আদালত বসানো কিংবা দখলবাজি-চাঁদাবাজির সাথে কেউ জড়ালে বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, সুলতান মাহমুদ, জেলা কমিটির সদস্য মল্লিক আব্দুস সালাম ও এনামুল হক সজল। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫৯৮ ভোটারের মধ্যে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ সেলিম নেওয়াজ নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে শেখ রুহুল কুদ্দুস ও সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু বিজয়ী হন। পাইকগাছায় বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।










