জাতীয় সংস্করণে সম্পাদিত প্রতিবেদন

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

রোববার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদলের বৈঠকে এ তথ্য জানান তিনি।

জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে, কিন্তু সে অনুপাতে বেতন বাড়েনি। এজন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নে কমিশন কাজ করছে। পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়কর পরিশোধ বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া–চিকিৎসা–যাতায়াতসহ অন্যান্য ভাতা পুনঃনিরূপণ, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় পদ্ধতি, সময়োপযোগী পেনশন সুবিধা এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও জানান, টেলিফোন, গাড়ি ও মোবাইল সংক্রান্ত সুবিধা, নগদ ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ এবং গ্রেড ও ইনক্রিমেন্টে বিদ্যমান অসংগতিও দূর করার সুপারিশ করা হবে।
“বেতন কাঠামো নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হলেও আমরা আশা করছি এর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব,” বলেন কমিশন চেয়ারম্যান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের জন্য যৌক্তিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।” তিনি স্বাস্থ্যবীমার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বেতন বাড়ালেও একবারের অসুখে অনেকেই সর্বস্ব হারান। ইন্সুরেন্স থাকলে পরিবার নিরাপদে থাকে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের মডেল চালু আছে।”

উল্লেখ্য, এক দশক পর গঠিত এই জাতীয় বেতন কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসহ জাতীয় বেতন স্কেলের আওতাধীন সকল প্রতিষ্ঠানের বেতন, ভাতা ও সুবিধা পর্যালোচনা করে সুপারিশ দেবে।

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031