
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের ধোপাখলায় দাঙ্গা-হাঙ্গামা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তিনি মৃত শুকুর মিয়ার ছেলে ও বাঁশবাড়ী কলোনীর বাসিন্দা। গত ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১টা ১০ মিনিটে বাঁশবাড়ী কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর রাত ৯টা ১০ মিনিটে ধোপাখলা ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সংঘবদ্ধ হয়ে একদল লোক পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, মোটরসাইকেল ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের বারবার অনুরোধ উপেক্ষা করে তারা দাঙ্গা চালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হলেও অনেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, ইট-পাথর, ধারালো চাঁপাতি, বাঁশের লাঠি ও ভাঙচুর হওয়া একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত মোঃ সেলিম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে আসামিকে জেল হাজতে রাখা প্রয়োজন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে









