
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে র্যাব-১৪ এর সিপিএসসি কোম্পানির অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের মৌলী ফিস এন্ড ফিসারিজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, সরকার পরিবহন নামের একটি বাস তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা স্বীকার করে তাদের ব্যাগে অবৈধ মাদক ফেনসিডিল রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের হেফাজত থেকে ৯৮ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসার নগদ ২ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ এনামুল হক (৩১), মোঃ আরিফুল ইসলাম (২৪) ও মোঃ আঃ হেকিম। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে










