চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক দুইটি অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযান পরিচালিত হয় আলমডাঙ্গা থানাধীন আসমানখালী বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বোয়ালমারী গ্রামের রবিউল ইসলামের ছেলে মোক্তার হোসেন (৩৫) ও নান্দরাব গ্রামের অহিম উদ্দিনের ছেলে রকিবুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় কেদারনগর গ্রামে। বিকেলের দিকে পশ্চিমপাড়া এলাকার আলমগীরের ছেলে মিষ্টার আহম্মেদ (২৫) ও মধ্যপাড়া এলাকার আরজ আলীর ছেলে আঃ রাজ্জাক (৫০) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে থানায় প্রেরণ করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা চক্রকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে মাদক নির্মূলে আমরা আরও কঠোর অভিযান চালিয়ে যাব। যুব সমাজকে মাদকের কালো ছোবল থেকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।”