পুলিশের অভিযানে এক যুবক গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের সামনে মোবাইল ফোনের দোকানে সংঘটিত চুরির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৯ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ৩০ আগস্ট ভোরের মধ্যে যে কোনো সময়ে বকশিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ফিরোজ আলীর মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, মোবাইল ব্যাটারি, চার্জার, হেডফোনসহ বিভিন্ন কোম্পানির মোট আটটি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। চুরিকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা।
ঘটনার পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই নুর ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ অভিযানে এরশাদপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন আলী (২০) কে ৩১ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ইয়ামিন আলীর কাছ থেকে চুরি হওয়া একটি মাইক্রোফোন, একটি কম্পিউটার মনিটর, দুটি হার্ডডিস্ক, ২৬টি মোবাইল ব্যাটারি, পাঁচটি মোবাইল চার্জার, পাঁচটি হেডফোন, পাঁচটি মোবাইল ফোনসহ বিপুল মালামাল উদ্ধার করে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত দুটি হেক্স ব্লেড, একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ও একটি সেলাই রেঞ্জও জব্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন,
“আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করছি। চুরি, ডাকাতি ও মাদকসহ যেকোনো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কেউই রেহাই পাবে না।”
গ্রেফতারকৃত আসামিকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।