আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, নিয়ম বহির্ভূত হাইরাইজ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় কাউন্সিলরদের সহায়তায় এডিস মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে রোড ডিভাইডার, স্পিডব্রেকারে রং করণ ও জেব্রাক্রসিং স্থাপন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম চালাতে ম্যাজিস্ট্রেট নিয়োগেরও অনুরোধ জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলার বিতর্কিত সড়কের নাম পরিবর্তনের কাজ চলছে। পাশাপাশি ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজ উপজেলা রাজস্ব তহবিল থেকে সংস্কারের কাজ চলমান রয়েছে।
গণপূর্ত বিভাগের কর্মকর্তা জানান, মডেল মসজিদগুলোর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। ত্রিশাল মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এবং ফুলবাড়িয়া মডেল মসজিদ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সভায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আন্তঃবিভাগীয় সমস্যা এবং সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “জেলার উন্নয়নে আমাদের সকল দপ্তরের সমন্বয় অত্যন্ত জরুরি। ময়মনসিংহ জেলা প্রশাসনের কার্যালয় সর্বদা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে পাশে থাকবে।”
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন