পীরগঞ্জে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১,৫০০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে নিম, জাম, বেল ও কাঁঠালসহ চারটি করে চারা প্রদান করা হয়। অন্যদিকে, উপজেলার ১২৫ জন কৃষকের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫টি করে আমের চারা দেওয়া হয়, যা ভবিষ্যতে ফল উৎপাদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভূমি অফিসার এন. এম. ইশফাকুল কবীর, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান লিমা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রহিম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক। এছাড়াও স্থানীয় কৃষি সংগঠন ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা ও সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন। উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, “এই চারা বিতরণের লক্ষ্য শুধু ফল উৎপাদন নয়, বরং পরিবেশ রক্ষা, ছায়া সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাও অন্যতম উদ্দেশ্য।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কৃষি প্রণোদনা ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চারা পেয়ে শিক্ষার্থী ও কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা আশা করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে এলাকায় সবুজায়ন ও কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031