নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে গুরুত্বপূর্ণ বার্তা

ঢাকা, ২৬ জুলাই ২০২৫:

পতিত ও ষড়যন্ত্রকারী শক্তির নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এখনই এক কণ্ঠে কথা বলতে হবে। গণ্ডগোল লাগিয়ে নির্বাচন বানচালের চেষ্টায় যারা মেতে উঠেছে, তাদের রুখে দিতে হবে সম্মিলিতভাবে।”

শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “যখনই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, তখনই ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা হচ্ছে। কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রা আর কোনোভাবেই আটকে রাখা যাবে না। কারণ ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখন স্পষ্ট।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা অভ্যুত্থানের সকল শক্তিকে সাথে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারি, তাহলে একটি বড় সুযোগ হাতছাড়া হবে।”

 

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে তাঁদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন: জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন‍্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031