মোঃ আব্দুল্লাহ হক: চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার।সভায় জেলার কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে আবাদ ও উৎপাদন পরিকল্পনা, আউশ ধান, পাট, সবজি ও অন্যান্য ফসলে মানসম্মত বীজ সরবরাহ, গবেষণা প্রণোদনা কার্যক্রম পর্যালোচনা, নতুন জাতের ফসল চাষে কৃষকদের উৎসাহ প্রদান, ইউনিয়ন কৃষি তথ্য সেবা সম্প্রসারণ এবং তদারকি কার্যক্রম নিয়ে আলোচনা হয়।এছাড়াও, সভায় বারি সরিষা, টমেটো, পেয়ারা ও অন্যান্য ফল ও সবজির সম্ভাবনাময় জাত চাষাবাদ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। সভায় কৃষকদের সঠিক সময়ে সঠিক পরিমাণে সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং এর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।