ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১১টি স্কুলে শতভাগ ফেল,তদন্তের নির্দেশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুর ২টায় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

ফলাফল বিশ্লেষণে জানা যায়, এবারের পরীক্ষায় ময়মনসিংহ বিভাগ থেকে মোট এক লাখ ৫৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৫১ হাজার ৪৪৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম বলে জানান বোর্ডের চেয়ারম্যান।

জামালপুর ও ময়মনসিংহ জেলার মোট ১১টি স্কুলে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এর মধ্যে জামালপুর জেলার প্রতিষ্ঠানগুলো হলো—রঘুনাথপুর হাই স্কুল, গোলসারাভি চরাবোনিয়া মনজা বিবি গার্লস হাই স্কুল, চন্দ্রবাড়ী হিসারা ওসমানি গার্লস হাই স্কুল, সৌর চান মডেল জুনিয়র স্কুল, কালাবধা জুনিয়র হাই স্কুল এবং পাহাড়দারি এম এ মজিদ গার্লস হাই স্কুল।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার যে প্রতিষ্ঠানগুলো শতভাগ অকৃতকার্য হয়েছে, সেগুলো হলো—রাংছাপারা হাই স্কুল, ভীমজান মডার্ন গার্লস একাডেমি, দারগাবাড়ী হাই স্কুল, শাহ শহীদ শওকত মডেল গার্লস হাই স্কুল ও মুসাপুর হাই স্কুল।

চেয়ারম্যান অধ্যাপক শহীদুল্লাহ বলেন, আমরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছি। যেসব স্কুলে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের মানোন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে।

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর—এই চার জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার নেত্রকোনা ও শেরপুর জেলার কোনো স্কুল শতভাগ ফেল করেনি, যা ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বছরের ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, বিশেষ করে দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও শিক্ষকতার মান নিয়ে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031