ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মজনু মিয়া (৩২) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শম্ভুগঞ্জের পুলিয়ামারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নগরীর জেলরোড তালতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়দের জানান, প্রতিদিনের মতো বুধবার দুপুরে মজনু মিয়া রিকশা নিয়ে বের হন। সন্ধ্যার দিকে শম্ভুগঞ্জের পুলিয়ামারী এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা মজনুর গলা ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজনুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031