
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে পর্ব আজ থেকে শুরু করছে বাংলাদেশ। কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বিকেল ৩ টায় মুখোমুখি হচ্ছে দুই দল। টেস্ট সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে বাংলাদেশ এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা চাইছে জয়ের ধারা ধরে রাখতে।
এই সিরিজ বাংলাদেশের জন্য কিছুটা ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন নেতৃত্বে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আনুষ্ঠানিকভাবে ওয়ানডেতে এই প্রথম তিনি নেতৃত্ব দিতে চলেছেন। নতুন অধিনায়ক, কিছু তরুণ মুখ—সব মিলিয়ে বাংলাদেশ শিবিরে এক ধরনের রদবদল চলছেই।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে। পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো অভিজ্ঞ ও ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে দল। অভিজ্ঞতা, কন্ডিশন ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে ফেবারিট শ্রীলঙ্কাই। তবে বাংলাদেশও পিছিয়ে নেই। মিরাজের নেতৃত্বে দলটা তরুণ হলেও খেলোয়াড়দের মধ্যে আত্মপ্রকাশের তাড়না প্রবল। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমদের থেকে ভালো শুরুর আশা করছে টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে বিবেচনায় থাকবেন জাকের আলী অনিকরা। আর বোলিংয়ে নজর থাকবে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের ওপর।
রানপ্রসবা প্রেমদাসার উইকেটে ব্যাটিংটা তুলনামূলক সহজ হলেও পরে স্পিনাররা ভূমিকা রাখতে পারেন। বৃষ্টি হানা দিলে অবশ্য ফলাফল অনিশ্চিত হয়ে পড়বে। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের সময় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে টসও বড় ভূমিকা রাখতে পারে। যে দল আগে ব্যাটিং করবে, তারা সুবিধাজনক অবস্থানে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের জন্য এই সিরিজ অনেক অর্থবহ। শুধু সিরিজ জেতার প্রশ্ন নয়, বরং নিজেদের নতুন পথচলার শুরুটাও এখানে। তরুণদের আত্মপ্রকাশ, নতুন অধিনায়কের অভিজ্ঞতা আর ব্যর্থতা কাটিয়ে ওঠার মানসিকতা—সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য এক ধরনের টার্নিং পয়েন্ট হতে পারে।
তবে তার আগে শ্রীলঙ্কাকে হারাতে হলে মাঠের লড়াইয়েই জিততে হবে। কলম্বো টেস্টের পরে পূর্ণমাত্রায় অনুশীলন করেছে টাইগার বাহিনী। প্রধান কোচ ফিল সিমন্সের পাশাপাশি বিশেষভাবে দেখাশোনা করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্টও শিষ্যদের ঝালিয়ে নিয়েছেন। এবার সেটিই মাঠে প্রমাণের অপেক্ষা









