ভালুকায় বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়া গ্রামে এক ১৭ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরী মোছাঃ জুয়েনা খাতুন দফায় দফায় ধর্ষণের শিকার হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে থেকে মোছাঃ জুয়েনা খাতুন অন্তঃসত্ত্বা রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার গ্রামে স্থানীয় মৃত আব্দুল হাইয়ের ছেলে মোঃ সিদ্দিক মিয়া (৫৫) এর বিরুদ্ধে অভিযোগ করেন। সিদ্দিক মিয়া ওই নারীর দূরসম্পর্কীয় প্রতিবেশী এবং একই এলাকায় বসবাস করে। তার বাসার নিকটবর্তী থাকার সুবাদে নিয়মিত ওই নারীর বাড়িতে যাওয়া-আসা ছিল।

পরিবারের কাছে গোপন থেকে কিশোরীর শারীরিক অবস্থা হঠাৎ পরিবর্তিত হতে থাকে। তার খাওয়া-দাওয়া কমে যায় এবং অসুস্থতার লক্ষণ দেখা দেয়। বিষয়টি সন্দেহ করে তার মা ইশারায় কথা বলার চেষ্টা করলে কিশোরী জানায়,গত তিন মাস ধরে সিদ্দিক মিয়া তার সঙ্গে শারীরিক মেলামেশা করছে। এরপর তাদের সন্দেহ আরো নিশ্চিত হয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে,যা প্রমাণিত করে যে কিশোরী অন্তঃসত্ত্বা।

পরিবার বিষয়টি মীমাংসার জন্য সিদ্দিক মিয়ার কাছে ৫০০০ টাকা দাবি করলে তিনি তা মানতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে এলাকাটি ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী এবং তার পরিবার গভীর আঘাত ও মানসিক কষ্টে রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত তাদের কাছে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা জানার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত বিচার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন। তারা বলেন, এই ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031