প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ১০:১৬ পি.এম
শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের স্বর্গ গলে আজ বাংলাদেশ সময় সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ।
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে দিনের শুরু আর শেষের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। যেখানে মধ্যাহ্ন বিরতির আগেও স্বাগতিকদের পক্ষে ছিল স্কোরবোর্ড, দিনশেষে তার দখল নিলো বাংলাদেশ। দুই অভিজ্ঞ তারকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জোড়া সেঞ্চুরিতে টাইগারদের বেশ ভালোভাবেই কক্ষপথে রেখেছেন। দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯২ রান।
অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন দেড় বছরের বিরতি শেষে। আর মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরি। তিনিও এমন ইনিংসের দেখা পেলেন ৯ মাস পর। দিনশেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন। দুজন মিলে গড়েছেন ২৪৭ রানের জুটি। যা টেস্টের চতুর্থ উইকেটে দ্বিতীয় এবং সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। যদিও এদিন শুরুটা আশাব্যঞ্জক হয়নি। দলীয় মাত্র ৪৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই (দলীয় ৫ রানে) আউট হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে তিনি আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে স্লিপে ক্যাচ দেন। এরপর মুমিনুল হক এবং সাদমান ইসলাম মিলে যোগ করেন ৩৪ রান। দুজনকেই ফিরিয়েছেন অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রত্ননায়েকে। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করেছেন।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com