বিএনপি নেতা এমদাদুল হক ডাবুর মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলসহ নেতৃবৃন্দের গভীর শোক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বর্ষীয়ান রাজনীতিক, সাবেক ছাত্রদল-যুবদল নেতা এবং বিএনপির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ সংগঠক এমদাদুল হক ডাবুর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

১৬ জুন এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, “মরহুম এমদাদুল হক ডাবু ছিলেন দলের একজন পরীক্ষিত, একনিষ্ঠ ও সংগ্রামী নেতা। তিনি স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে যুবদল এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন। দলীয় আদর্শে বিশ্বাসী এই নেতার রাজনৈতিক অবদান স্থানীয় ও জাতীয় রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালাম। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

মরহুম এমদাদুল হক ডাবু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এবং আলমডাঙ্গা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি একজন আপোষহীন ও আদর্শনিষ্ঠ নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক পৃথক শোকবার্তায় এমদাদুল হক ডাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শোকবার্তাগুলো বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

সর্বশেষ খবর