
চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন শিয়ালমারি কোরবানির পশু হাট পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। আজ ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হাটে উপস্থিত হয়ে তারা হাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান পশুর হাটে গরু-ছাগলসহ বিভিন্ন কোরবানির পশুর ক্রয়-বিক্রয় চলছে। এ সময় প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা হাটে নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি প্রতিপালন, মূল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাটের ইজারাদার, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, হাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেন তারা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আল-আমীন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং ঈদকে সামনে রেখে নিরাপদ ও সুশৃঙ্খল হাট ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়েছে।










