
মোরশেদ আলম, দুর্গাপুর (নেত্রকোনা)। নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে প্রথমবারের মতো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩২ জন বাংলাদেশিকে পুশইন করেছে। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২২ জন নারী, ১ শিশু ও ৯ জন পুরুষ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ৩১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আউয়াল। বিজিবি সূত্রে জানা যায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬-এস নম্বর সীমান্ত চিহ্ন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকায় তাদের পুশইন করা হয়। পরে বিজিবি সদস্যরা ওই ৩২ জনকে আটক করে। আটকদের বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সহকারী পরিচালক আব্দুল আউয়াল। বিজিবির তথ্যমতে, আটক ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলার — টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুরে। এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর বাজার এলাকা থেকে আরও ৮ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুশইন হওয়া ৩২ জনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।










