পাঁচবিবিতে জামায়াত নেতার বাড়িতে চুরি, ৫ লাখের বেশি লুট

আল আমিন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে সংঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার আমির ডা. মো. সুজাউল করিম এবং তার দুই ভাই মো. শাহাজাহান আলী ও শফিউল ইসলাম। পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তিন ভাইয়ের বাড়িতে ঢুকে ঘরের আলমারি, ট্রাংক ও অন্যান্য আসবাবপত্র ভেঙে নগদ অর্থ, দেড় ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, নতুন জামাকাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ ঘটনার পরপরই এলাকাবাসী ও ভুক্তভোগীরা আশপাশে খোঁজখবর শুরু করলে সন্দেহের তীর উঠে পাশের একটি পরিত্যক্ত বাড়ির দিকে। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে রাতের আঁধারে কিছু বখাটে যুবক মাদকসেবন, ইয়াবা গ্রহণ, জুয়া খেলা এবং গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে আড্ডা দেয়। ঘটনার পর সরেজমিনে পরিত্যক্ত ওই বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে পড়ে আছে অসংখ্য মদের খালি বোতল, ইয়াবা সেবনের উপকরণ এবং অনান্য অসামাজিক কার্যকলাপের আলামত। এতে এলাকাবাসীর সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ডা. সুজাউল করিম ও তার পরিবারের সদস্যরা বলেন, “এ ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত এই ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হোক।” স্থানীয়রা দাবি করছেন, এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে, যা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা তৈরি করছে। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031