চুয়াডাঙ্গায় সার ডিলারের অনিয়মে কৃষকদের স্মারকলিপি ও কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ আব্দুল্লাহ হক : চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী সাধারণ কৃষকরা। বুধবার, ২৮ মে দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই স্মারকলিপি হস্তান্তর করেন। একইসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে কৃষকরা অভিযোগ করেন, বেগমপুর ইউনিয়নে নিযুক্ত বিসিআইসির সার ডিলার আকবর আলী দীর্ঘদিন ধরে সাধারণ কৃষকদের ন্যায্য সারের অধিকার থেকে বঞ্চিত করে আসছেন। বরাদ্দপ্রাপ্ত সার তিনি সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, ফলে কৃষকদেরকে উচ্চমূল্যে সার কিনে চাষাবাদ করতে হয়। কৃষকরা আরও জানান, ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান ইউনিয়নের বাইরে হিজলগাড়ী বাজারে হওয়ায় সাধারণ কৃষকদের সেখানে গিয়ে সার সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি অনেক সময় ডিলারের কর্মচারীদের হাতে লাঞ্ছিতও হতে হয়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে চাইলে ডিলার আকবর আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা-হামলার ভয় দেখান। স্মারকলিপিতে তারা দাবি করেন, দুর্নীতিবাজ এই ডিলারের ডিলারশিপ বাতিল করে বেগমপুর ইউনিয়নে একজন সৎ ও স্থানীয় ডিলার নিয়োগ দিতে হবে, যাতে সাধারণ কৃষকরা ন্যায্য দামে সহজেই সার সংগ্রহ করতে পারেন। স্মারকলিপি প্রদানকালে কৃষকরা জেলা প্রশাসককে হুঁশিয়ার করে বলেন, “আমাদের ন্যায্য দাবি যদি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে বাধ্য হয়ে জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, এ সংক্রান্ত অনুলিপি কৃষি সচিব, বিসিআইসি চেয়ারম্যান, বিএফএ চেয়ারম্যান ও বিএডিসির সংশ্লিষ্ট দপ্তরে ডাকযোগে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031