আদালতের হাজতখানায় টয়লেটে পড়ে আহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

মোঃ সোহাগ আলী, বিশেষ প্রতিনিধিঃ দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনার পর এ ঘটনা ঘটে। জানা গেছে, হাজতখানার টয়লেটে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে তার মাথার সামনেরনের অংশে কেটে রক্তপাত হয়। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় ব্যান্ডেজ করা হয়। এরপর তাঁকে আবার কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়। সাবেক মন্ত্রীর আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং ওজন ক্রমশ কমে যাচ্ছে। তিনি বলেন, “শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। আজ আদালতের হাজতখানায় টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি। রক্তপাত হওয়ায় পুলিশ তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করে।” এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক জোবায়ের বলেন, “কামরুল ইসলাম হাইপ্রেসারের রোগী। টয়লেটে যাওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। আদালতের অনুমতি নিয়েই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে কামরুল ইসলাম জেলহাজতে আছেন। দুর্নীতিসহ একাধিক মামলায় তাঁকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031