মোরশেদ আলম : মাদক ও বাল্যবিয়েকে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে। বুধবার দুপুরে সুসং আদর্শ বিদ্যানিকেতনে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সাংবাদিক, এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। বক্তব্যকালে অতিথিরা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, “বাল্যবিবাহ একটি মেয়েকে শুধু শারীরিক ঝুঁকিতে ফেলে না, বরং পরবর্তী প্রজন্মকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। অন্যদিকে, মাদক একটি পরিবার তথা পুরো সমাজকেই ধ্বংসের দিকে নিয়ে যায়।” বক্তারা আরও বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এসব সামাজিক ব্যাধিকে রুখে দিতে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে শপথ গ্রহণ করে এবং বিষয়গুলোর বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে।