সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানীপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটির সদস্যরা। সর্বশেষ সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন, যারা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে থলেরবন্দ গ্রামের নূরুল আমিন গং পূর্ব বিরোধের জেরে নয়হাটি এলাকার দাঙ্গাবাজ স্বজনদের নিয়ে বানীপুর গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় মনিরুজ্জামানের আত্মীয় বদরুজ্জামান, গোলাপ হোসেন, রাজন মিয়া, উসামা, মেহেদী হাসান, রাসেল মিয়া ও আলম আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিলও থলেরবন্দ গ্রামের সাহাব উদ্দিন ও নুর উদ্দিন গং মনিরুজ্জামানের বাড়িতে হামলার চেষ্টা করে। সেসময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আপোষ হলেও পরে থলেরবন্দ গ্রামের নূরুল আমিন গং মনিরুজ্জামানসহ তার আত্মীয়দের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন। মনিরুজ্জামান জানান, “সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আমাদের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ততক্ষণে কয়েকজন আহত হয়েছেন।” তিনি জানান, তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “বানীপুর গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”