
খালেদা জিয়ার ফ্লাইট থেকে মধ্যরাতে সরানো হলো দুই কেবিন ক্রুকে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ দায়িত্ব পালনের কথা থাকলেও শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে। তারা হলেন—ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোন।
বিমান সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাজনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার মধ্যরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত সিদ্ধান্তে তাদের জায়গায় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রাথমিকভাবে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করেছিল বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। তবে গোয়েন্দা প্রতিবেদনে কসমিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ এবং বিপোনের বিরুদ্ধে সরকারি দলের নানা কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য উঠে আসে।
সূত্র আরও জানায়, আল কুবরুন নাহার কসমিক অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করেছেন এবং তিনি একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পেয়ে শাস্তি হিসেবে গ্রাউন্ডেডও হয়েছেন। অপরদিকে বিপোন শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন, ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া এবং শেখ রাসেল দিবস পালনের মতো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, “ফ্লাইট থেকে সরানো হয়েছে এমন কিছু আমার জানা নেই। তবে বিমানের অভ্যন্তরীণ রোস্টারিং বা ডিউটি রিশিডিউল হওয়াটা স্বাভাবিক ঘটনা।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন। তাকে বহনকারী ফ্লাইট রোববার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।










