
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণবিরোধী অভিযান পরিচালনা করছে। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৮১৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৭৫৫টি মামলায় মোট ২৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ৪৬০টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা ও ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ২১০টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ১২৭টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, ৬টি প্রতিষ্ঠানের ৮টি ট্রাকে থাকা সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।
পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত ৩৮৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ৭০১টি প্রতিষ্ঠান থেকে ৫৬ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং মোট ১ লাখ ৮৬ হাজার ৯০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
আজ ২৮ এপ্রিল ঢাকার আগারগাঁও ও খিলগাঁও এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ৬টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে বরিশাল, চাঁদপুর ও রাজশাহীতে পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে দোকান মালিক ও সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
এছাড়া আজ আশুলিয়ায় একটি টায়ার পাইরোলাইসিস কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও কারখানা উচ্ছেদ করা হয়। একইভাবে, একটি অবৈধ সীসা/ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায়সহ কারখানাটি উচ্ছেদ করা হয়।
পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।









