২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ (সোমবার) রাজধানীর আশকোনা হজক্যাম্পে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাজিদের সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানান এবং আগামী হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দেন।

রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট (এসভি ৩৮০৩) ৩৯৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেবে। প্রথম দিনে ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সৌদি দূতাবাসের আবদুল আজিজ ফাহাদ আল ইব্রাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। তিনটি এয়ারলাইন্স ২৩২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমানে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়ায় ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাসে ১৩ হাজার ৬৫ জন যাত্রী পরিবাহিত হবে।

প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে, ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজযাত্রীদের জন্য এ বছর মোবাইল অ্যাপ, প্রিপেইড কার্ড ও রোমিং সুবিধা চালু করা হয়েছে।

সর্বশেষ খবর