বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে – ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আলেম ও তালিবে ইলম উভয়ই সম্মানিত ব্যক্তি। রাসূল (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শেখে এবং অপরকে শেখায়।" আমরা আজ তাদের সঙ্গে মিলিত হতে পেরে গর্বিত। তিনি দেশের আলেম সমাজকে জাতি, দেশ ও ইসলামের কল্যাণে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি এ কথা বলেন রাজধানীর মিরপুর-১৪-এ গ্র্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে। অনুষ্ঠানে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানার্থে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত প্রমুখ।
দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, "দ্বীনই আমাদের জীবনাদর্শ। ইসলামের শিক্ষা যত বিস্তৃত হবে, সমাজ ততই আলোকিত হবে। কিন্তু দ্বীনের শিক্ষা সংকুচিত হলে সমাজে অন্ধকার নেমে আসবে। এরই প্রমাণ হলো আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের অপশাসন ও দুঃশাসন।"
তিনি বলেন, "সে সময় দেশের বরেণ্য আলেম-উলামাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাদের হাতে হ্যান্ডকাফ ও পায়ে ডান্ডাবেড়ি পরানো হয়েছে, অথচ চোর, ডাকাত ও অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছে।"
নিজের গ্রেপ্তারের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমাকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও আয়না ঘরে রাখা হয়নি, আমি তা অনুভব করেছি। আমাকে এমনভাবে ধরা হয়েছিল যেন ভয়ংকর অপরাধী! প্রথমে কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়, পরে ৩৮ জন বরেণ্য আলেমসহ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়। সবার হাতে হ্যান্ডকাফ ও পায়ে বেড়ি দেখে আমি কেঁদেছিলাম। তবে আল্লাহ আমাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে দিয়েছেন।"
রমজানের শিক্ষা ও গুনাহ মুক্তির আহ্বান
ডা. শফিকুর রহমান বলেন, "রমজান মাগফেরাত ও গুনাহ মাফের মাস। হাদিসে আছে, একদিন রাসূল (সা.) তিনবার ‘আমিন’ বললেন। সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘জিব্রাঈল (আ.) দোয়া করেছেন – যে ব্যক্তি রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক!’ আমি বললাম, আমিন।"
তিনি বলেন, "রমজান আমাদের জন্য ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাস। তাই এই মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালন করতে হবে।"
বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যের ডাক
জামায়াত আমীর বলেন, "বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে নানা ধর্মের মানুষের বসবাস। তারা সকলেই দেশের নাগরিক এবং আমাদের দায়িত্ব তাদের কল্যাণে কাজ করা।"
তিনি আরও বলেন, "ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু বিপ্লবোত্তর কল্পিত পরিবর্তন হয়নি, বরং যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা চাই, এই দেশে কোনো বৈষম্য থাকবে না। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য সকলকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।"