এইচ এম এরশাদ কুয়েত প্রতিনিধি ; গাজা উপত্যকায় তীব্র শৈত্যপ্রবাহের ফলে এক সপ্তাহের মধ্যে ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, প্রচণ্ড ঠান্ডা এবং গরমের অভাবে এই মৃত্যুগুলো ঘটেছে। মৃতদের মধ্যে পাঁচজন উত্তর গাজা উপত্যকায় এবং একজন খান ইউনিসের নাসের হাসপাতালে মারা গেছেন।
ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে বসবাস করছেন, যা শীতপ্রবাহ মোকাবেলায় সম্পূর্ণ অপ্রতুল। গাজা সরকারের তথ্য অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ ও হিমপ্রবাহের কারণে আশ্রয়শিবিরগুলোতে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। তাদের মতে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন এবং গণহত্যার ফলে মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫,৫৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়া এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, বিশেষ করে শিশুদের জন্য।
এই মানবিক বিপর্যয়ের জন্য গাজার প্রশাসন ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বর্বরতা বন্ধের আহ্বান জানিয়েছে।