ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

মো: জোবাইর ; চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার সকালে চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেছেন। ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। আমাদের ছোটবেলা এই এলাকাতেই কেটেছে। মসজিদটি আমাদের স্মৃতির সঙ্গে মিশে আছে। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই মসজিদটি চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ। আজকের এই মন্যুমেন্ট নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাবে। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের অংশ, যা দল-মত নির্বিশেষে রক্ষা করতে হবে।” ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে বর্জ্যের বিন বিতরণ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীরা যদি তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন, তাহলে পুরো নগরীর পরিবেশ সুন্দর থাকবে। আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে কাজ করছি, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।” মেয়র আরও বলেন, “পরিচ্ছন্ন নগরী শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নগরবাসীকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।” মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, “এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আমরা এই কাজগুলো শেষ করতে পারব।” মেয়র জানান, “অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031