বাবার সম্পত্তি থেকে বঞ্চিত ক্যান্সারে আক্রান্ত এক নারীর আকুতি 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, : পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে প্রায় ১৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ক্যান্সারে আক্রান্ত এক নারী। শামছুন নাহার নামের ওই নারীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর গ্রামে। ওই নারীর দাবি তার বাবা রুস্তম আলী দুই পুত্র ও তিন কন্যা সন্তান রেখে প্রায় ১৭ বছর আগে মারা যান। এ সময় বড়চওনা মৌজায় ৯টি এবং কুতুবপুর মৌজায় ১৬টি খতিয়ানে ১৭ একর জমি রেখে যান। শামছুন নাহার জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাবার পৈত্রিক সম্পত্তি বড় ভাই আমির হোসেন ও আবুল কালাম আজাদ ভোগদখল করে আসছেন। ওই সম্পত্তি তারা বন্ধকী (লিজ) দিয়ে প্রতি বছরই মোটা অঙ্কের টাকা পাচ্ছেন। যা থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। বাবার সন্তান হয়ে যদি তারা জমিগুলো দখলভোগ করতে পারেন আমি কেনো পারবোনা! আমি বাবার সম্পত্তি থেকে ভাইদের কারণে বঞ্চিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি। তাদের কাছে এসব দাবি নিয়ে গেলে নানা তালবাহানা করে থাকেন।  এদিকে, পৈত্রিক সম্পত্তির অধিকার বুঝে পেতে শামছুন নাহার সম্প্রতি সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী আবেদনের বিষয়ে বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিষদের সভা কক্ষে দুই পক্ষের লোকজন নিয়ে গত শনিবার বসা হয়েছিল। এ প্রেক্ষিতে মীমাংসার লক্ষ্যে জমির চূড়ান্ত পরিমাণ পরিমাপে একটি জুরিবোড গঠন করা হয়েছে। ওই জুরিবোড এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিবে। এর পর সমঝোতার লক্ষ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমির হোসেন ও আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তারা জানান, শামছুন নাহারের পাওনার চেয়ে দাবি অনেক বেশি। যেহেতু সে বিচার প্রত্যাশী হয়ে অভিযোগ দিয়েছে, সেখানে যে সিদ্ধান্ত হবে আমরা সেটাই মানবো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031