শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয়।
বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষাটি পুনরায় যাতে শুরু করা যেতে পারে, সেটিই এখন আমাদের প্রথম অগ্রাধিকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে। সেগুলো আগে নিশ্চিত করতে হবে। তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করা সেটা যেমনি করে হোক চাচ্ছে না কেউই।
মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রথম থেকে দেখা গেছে, ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা বলছেন, শান্তিপূর্ণভাবে এই সেই করা হবে, এটা যারা বাস্তবায়ন করছেন তারা কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছেন না। এখানে একটা অশুভ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সেগুলো বিবেচনা করতে হচ্ছে।